নারায়ণগঞ্জ ।
,

শিরোনাম: ৫ সেপ্টেম্বর ৬ দফা দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সঙ্গে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ

আগামী ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবি আদায় এবং গণভোটের রায় সংসদে বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দিয়েছেন ১১ দলীয় ঐক্য জোটের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে পৃথকভাবে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করতেই স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে লংমার্চ পরিচালনার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে ঢাকা থেকে সিলেট, রংপুর ও খুলনাসহ দেশের বিভিন্ন রুটে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মাওলানা আবদুল জব্বার জানান, চট্টগ্রাম রোডের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পথসভার মাধ্যমে একত্রিত হবেন। সেখানে ১১ দলীয় নেতৃবৃন্দসহ সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান উপস্থিত থেকে গণভোটের রায় সংসদে বাস্তবায়নের দাবি জানাবেন।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চে ছয়টি প্রধান দাবি তুলে ধরা হবে। দাবিগুলো হলো—

১. গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন
২. জুলাই গণহত্যার বিচার
৩. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
৪. বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন
৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ
৬. সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা

লংমার্চ উপলক্ষে নারায়ণগঞ্জের চট্টগ্রাম রোড এলাকায় সকাল ৭টায় পথসভা ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বার্থে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের নেতারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর আহ্বায়ক শওকত আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সেক্রেটারি আল-আমিন, লেবার পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহ্বায়ক আবদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গিয়াসউদ্দিন, মহানগরী জামায়াতের সেক্রেটারি প্রকৌশলী মানোয়ার হোসাইন, জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং মহানগরী মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিনসহ ১১ দলীয় ঐক্যের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >