বন্দর প্রতিনিধি: নারায়নগঞ্জ বন্দরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত উপকুলীয় এলাকার ১২টি জেলায় উদ্ধারকারী ১২টি স্পিডবোট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন ২৪নং ওয়ার্ডের বন্দরের আমিরাবাদ বক্তারকান্দিস্থ গোল্ডেন ফাইবার গ্লাস লিমিটেড চত্বরে এ স্পিডবোট হস্তান্তর করা হয়।
স্পিডবোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, বাংলাদেশের কয়েকটি অঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সিলেট , ঢাকা , চট্টগ্রাম, রংপুর রয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এড়াতে সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছি।
তিনি আরও বলেন, সরকারী এবং বেসরকারী সংস্থাগুলোর যত ইকুইপমেন্ট(যন্ত্রপাতি) রয়েছে তার তালিকা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে বেসরকারী হাসপাতালের তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া বেসরকারীভাবে কাদের হেলিকপ্টার আছে তাদের তালিকাও সংগ্রহ করা হয়েছে। যাতে উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন করা যায়।
বড় ধরণের ভুমিকম্পের ক্ষেত্রে উদ্ধার কাজ অত্যন্ত জরুরী। আমাদের এক লাখ স্বেচ্ছাসেবী(ভলান্টিয়ার ) দরকার। এরমধ্যে ৭০ হাজার ভলান্টিয়ার চিহ্নিত করা হয়েছে। তাদের ডাটাবেইজ তৈরির কাজ চলছে।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাপানী রাষ্ট্রদূত সাইদা শিনিচি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রকৌশলী এম ইকবাল হোসাইন এমপি, সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ৈর সচিব মোঃ সাইফুর ইসলাম, জাইকার প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিফাতউদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি, অতিরিক্ত পুলিশ সুপার(বি সার্কেল) দীপংকর ঘোষ, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার , বন্দর থানার ওসি জামালউদ্দিনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।






