নারায়ণগঞ্জ ।
,

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, যে শাস্তি পেল বখাটে 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে চলার পথে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্কুল চলাকালীন বাইরে ঘোরাফেরা করায় ওই ছাত্রীসহ দুজনকে টিসি দিয়ে বের করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এক মাস আগের ওই ঘটনার ভিডিও গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত বখাটের যথাযথ শাস্তির দাবি তোলেন জনতা।

স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত
খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস আগে কাঁচপুরের একটি বিদ্যালয়ের চতুর্থ ও সপ্তম শ্রেণির দুই ছাত্রী  শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ের পাশে হাঁটছিল। এ সময় বখাটে এক কিশোর পেছন থেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে পরপর দুইবার লাথি মারে। ছেলেটির সঙ্গে থাকা কেউ একজন সেটি মুঠোফোনে ভিডিও ধারণ করে। গত বৃহস্পতিবার সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরকে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে কান ধরে উঠবস করানোর আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে ওই ছেলেকে বলতে শোনা যায়, ‘একটি মেয়েকে আমি লাথি মেরেছি, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেজন্য আমি মাফ চাচ্ছি। এই ভুল আমার দ্বারা আর হবে না, আমি কাঁচপুর ছেড়ে চলে যাচ্ছি।’

এ বিষয়ে স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে লাথি মারার ভাইরাল ভিডিওটি আরও এক মাস আগের। স্কুল চলাকালীন বাইরে ঘোরাফেরা করায় স্কুলের স্যাররা বিচার করে আমার মেয়েকে টিসি দিয়ে বের করে দিয়েছে। তবে বখাটে ছেলের কী বিচার করেছে তা আমার জানা নেই।’

তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। অল্প উপার্জনে কর্ম করে খাই। এখন এই স্কুলে পড়তে পারবে না। মেয়েকে অন্য স্কুলে ভর্তি করতে হবে।’

কাঁচপুরের ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্কুল কমিটির সিদ্ধান্তে ওই দুই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। যেহেতু ঘটনাটি স্কুলের বাইরে তাই স্থানীয় লোকজন ছেলে ও ছাত্রীদের বিচার করেছে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ভাইরাল ভিডিও আমাদের নজরে এসেছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেয়নি। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >