নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু, সংকটাপন্ন বাবা-মা

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আট বছরের শিশু মারুফ মারা গেছে। তার শরীরের প্রায় ৯০ শতাংশ ও শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় শিশুটির বাবা মাইদুল (২৪) ও মা বিউটি (২৪) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শরীরের যথাক্রমে ৮৫ ও ৮০ শতাংশ পুড়ে গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলী এলাকার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে, রান্নাঘরের তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে দীর্ঘ সময় ধরে গ্যাস বের হয়ে শোয়ার ঘরের ভেতরে জমে ছিল। শুক্রবার সকালে শিশুটির বাবা মাইদুল সিগারেট ধরাতে আগুন জ্বালালে জমে থাকা গ্যাসে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা বাবা, মা ও সন্তান তিনজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

সেসময় অধ্যাপক শাওন বিন রহমান জানান, আগুনে মারুফের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার বাবা মাইদুল ৮৫ শতাংশ এবং মা বিউটি ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনজনের অবস্থাই গুরুতর ছিল।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ঘরে গ্যাসের লিকেজ থাকলে বা গন্ধ পাওয়া গেলে কোনো ধরনের আগুন না জ্বালানো এবং বৈদ্যুতিক সুইচ ব্যবহার না করে দ্রুত দরজা-জানালা খুলে নিরাপদে বেরিয়ে আসার জন্য সচেতন থাকা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >