নারায়ণগঞ্জ ।
,

নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের গায়ে আঘাত লাগার ঘটনাকে ব্যক্তিগত ভাবে নিয়েছেন: আবুল কাউসার আশা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের গায়ে আঘাত লাগার ঘটনাকে যেমন ব্যক্তিগতভাবে নিয়েছেন, তেমনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জাতীয়তাবাদী আদর্শের লাখো নেতাকর্মীর হৃদয়ে আঘাত করে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে নগরীর ডিআইটি মসজিদের সামনে প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবুল কাউসার আশা বলেন, ‘আপনার রক্ত ঝরানো যেমন পার্সোনালি নিয়েছেন, তেমনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী লাখ লাখ নেতাকর্মী আপনার কুরুচিপূর্ণ মন্তব্যকেও পার্সোনালি নিয়েছে। এতে তারেক রহমান বা অন্য কোনো নেতাকে দোষারোপ করে লাভ নেই। ইট মারবেন তো পাটকেল খাবেন।’

তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, তবে শিষ্টাচারও থাকা উচিত। ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ের নেতাদের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের বক্তব্য রাজনীতির জন্য অশনিসংকেত।

চাঁদাবাজির প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললেই বিএনপির গায়ে লাগে—এমন অভিযোগ সঠিক নয়। বরং সমকামিতা ও ধর্ষণের বিরুদ্ধে কথা বললে এনসিপি-জামায়াত জোটের নেতাদের গায়ে লাগে বলেও মন্তব্য করেন তিনি।

আবুল কাউসার আশা বলেন, ‘একাত্তর যেমন কোনো একটি দলের সম্পত্তি নয়, তেমনি চব্বিশও কারও একার নয়। ছাত্র, জনতা ও শ্রমিকদের সম্মিলিত আন্দোলনের মাধ্যমেই গণঅভ্যুত্থান হয়েছে। এটিকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করার চিন্তা বাদ দিতে হবে।’

তিনি আরও বলেন, বিএনপির ১৭ বছরের আন্দোলন-সংগ্রামকে উপেক্ষা করা হচ্ছে। এ সময় তিনি গুম ও হত্যার শিকার বিএনপির নেতাদের প্রসঙ্গ তুলে ধরেন।

জামায়াত-শিবিরের নেতাকর্মীদের প্রসঙ্গে আবুল কাউসার আশা বলেন, অতীতে একসঙ্গে আন্দোলন-সংগ্রাম, আদালত ও কারাগারে সময় কাটানোর স্মৃতি থাকায় অনেক সময় তাদের বক্তব্যের জবাব দেওয়ার আগে তিনি সংযম প্রদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >