নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরের দিকে শিবু মার্কেট এলাকার ওই ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। গোডাউনটির পাশে একটি গাড়ির গ্যারেজ ও একটি মুদির দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিটের সমন্বিত চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট একযোগে কাজ শুরু করে। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই পাশের দোকানগুলোর মালামাল সরিয়ে নেওয়া হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >