‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে নারায়ণগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
এ উপলক্ষে প্রথমে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শিশুশ্রম নির্মূলে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং নিরাপদ ও শোভন কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ বছরের প্রতিপাদ্য ছিল ‘আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।’
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







