নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে চীন সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান China Road and Bridge Corporation (CRBC)-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
সোমবার (১ জুন) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নগর উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হয়।
নাসিক সূত্রে জানা যায়, বৈঠকে Shitalakshya River-এর ওপর প্রস্তাবিত নবীগঞ্জ সেতু নির্মাণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (ওয়েস্ট-টু-এনার্জি) প্রকল্প, পানি পরিশোধন প্লান্ট স্থাপনসহ নগর উন্নয়নের নানা বিষয় গুরুত্ব পায়। পরে সিআরবিসির প্রতিনিধিদল নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন সেতুর সম্ভাব্য স্থান ও প্রস্তাবিত নবীগঞ্জ সেতুর নির্ধারিত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা নবীগঞ্জ সেতুসহ গুরুত্বপূর্ণ নাগরিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন, টেকসই ও নাগরিকবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানান।
জানা যায়, ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী Khaleda Zia নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় বহুল প্রত্যাশিত এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দীর্ঘদিনের এ প্রকল্প বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন Abul Kalam, Abu Al Yusuf Khan Tipu এবং Abul Kawsar Asha।
এছাড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরী এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।






