পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে প্রায় সাতশো অসচ্ছল পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে খেলাফত মজলিস। শুক্রবার (২৯ মে ২০২৬) সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদের বাসভবনে দোয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, এবিএম সিরাজুল মামুন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলম, অধ্যাপক সালেহ আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কবি খালেদ সানোয়ার, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বিষয়ে মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন বলেন, স্থানীয় শাখার দায়িত্বশীলদের মাধ্যমে সামর্থ্যহীন মানুষের ঘরে ঘরে কোরবানির গোশত পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে জনপ্রতিনিধিরা এভাবেই জনগণের হক সরাসরি পৌঁছে দেবেন এবং সবাই তাদের ন্যায্য অধিকার পাবে ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, দুই যুগেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। দেশের বিভিন্ন স্থানেও সংগঠনের শাখাগুলো নিজ নিজ সামর্থ্য অনুযায়ী একই ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এসময় সহযোগিতাকারী সকল দায়িত্বশীল ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।






