নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ, হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা চরম অবনতিতে সিরাজুল মামুনের।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন এক বিবৃতিতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিশেষ করে দেশব্যাপী আশঙ্কাজনক হারে ধর্ষণ ও হত্যাকাণ্ড বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

​২১ মে ২০২৬, বৃহস্পতিবার সন্ধায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের পাশাপাশি নারী ও শিশুদের ওপর নির্মম নির্যাতন ও ধর্ষণের ঘটনা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। অতি সম্প্রতি রামিছা ইস্যুসহ দেশজুড়ে ঘটে যাওয়া লোমহর্ষক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনাগুলো প্রমাণ করে যে, সমাজে অপরাধীদের মনে আইনের কোনো ভয় নেই। মা-বোন ও শিশুরা আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। একটি স্বাধীন ও সভ্য দেশে নাগরিকদের জানমাল এবং ইজ্জতের এমন নিরাপত্তাহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

​তিনি আরও বলেন, “জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা রক্ষা করা সরকারের মৌলিক ও প্রধান দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনের শিথিলতা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই দুষ্কৃতকারী, ধর্ষক ও খুনিরা আজ বেপরোয়া হয়ে উঠেছে।”

এবিএম সিরাজুল মামুন অবিলম্বে রামিছা ইস্যুসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >