নারায়ণগঞ্জে ঈদুল আজহাকে সামনে রেখে তীব্র যানজট পরিস্থিতি মোকাবেলায় ব্যবসায়ী সংগঠন ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। শহরের অন্যতম ব্যস্ত এলাকা চাষাড়ায় ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করতে ২২ জন স্বেচ্ছাসেবী মাঠে নামছেন।
মঙ্গলবার (২০ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে। এতে যৌথভাবে অংশ নিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মডেল গ্রুপ।
চেম্বারের পরিচালক ও “উই আর ভলান্টিয়ার”-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু-এর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্টরা জানান, এর আগেও বিভিন্ন সময়ে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাসেবীরা যানজট নিরসনে মাঠে কাজ করেছেন। পূর্ব অভিজ্ঞতার আলোকে এবার আরও পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করা হবে।
এ প্রসঙ্গে বিকেএমইএ’র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, ঈদকে সামনে রেখে নগরবাসীর ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মনে করেন, প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমাজেরও সামাজিক দায়িত্ব রয়েছে নগরের শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা জরুরি। সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নাগরিক সচেতনতারও বিকল্প নেই।
সংশ্লিষ্টদের আশা, ঈদের অতিরিক্ত যানবাহনের চাপের সময় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং নাগরিক সমস্যা সমাধানে সামাজিক দায়বদ্ধতার একটি উদাহরণ হয়ে উঠবে।







