চট্টগ্রামে অনুষ্ঠিত “প্রোটেট ন্যাশনাল ফটোগ্রাফি কার্নিভাল” অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে খন্দকার সাইফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সোহেল সারোয়ারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকরা জানান, ফটোগ্রাফি শিল্পের প্রসার, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবেই খন্দকার সাইফুল ইসলামকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় খন্দকার সাইফুল ইসলাম বলেন, এই স্বীকৃতি তার জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার। তিনি নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও সংগঠনটির সৃজনশীল ও ইতিবাচক কার্যক্রমে পাশে থাকবেন।
তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি, আলোকচিত্র চর্চা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শিল্প ও বাণিজ্য খাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি বিকেএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।
অনুষ্ঠান শেষে অতিথিরা এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।








