নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে নৌ পুলিশ সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ পুলিশের টহল নৌযানের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহলে বের হয়। এ সময় তাদের ব্যবহৃত নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।

নিহত মো. মহসিন সরদার (৪৩), খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তিনি বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার ছেলে সিয়াম (১৪) এবং মেয়ে নিশিথা আক্তার মুন্নি (১৯)।

পরে টহল দলের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশ সদস্য মো. মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের অফিসার ইনচার্জ রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ মর্মান্তিক ঘটনায় সহকর্মীরা শোকাহত। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >