নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাঞ্চল ১২ নম্বর সেক্টরের বুরুলিয়া চত্বর এলাকা থেকে অপহৃত ৫ বছর বয়সী শিশু মাইশাকে গাইবান্ধা জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শ্যামল মিয়ার (২৫) মেয়ে মাইশা অপহরণের শিকার হয়। এ ঘটনায় শ্যামল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল গঠন করা হয়। দলটি গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে আজ ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে ফুলছড়ি থানা পুলিশের সহযোগিতায় মোহাম্মদ শান্ত (২০) ও শাহ আলম (৪০) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধার হওয়া শিশু মাইশাকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।




