নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহীববুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নি:) আরিফুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সড়কে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ নবী হোসেন (২৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আমির হোসেন এবং মাতা মিলন।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।








