আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই তীব্রতর হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফতুল্লার ফাজিলপুর মাঠে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের জননন্দিত নেতা, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল গড়াতেই হাজারো মানুষের ঢল নামে ফাজিলপুর মাঠে। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় মহাজনসমুদ্রে। নারী-পুরুষ, তরুণ-যুবক থেকে শুরু করে প্রবীণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে উঠান বৈঠকটি।
সমাবেশে উপস্থিত থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও শিল্প সংগঠন এফবিসিসিআই এর সাবেক ডাইরেক্ট রহিম উদ্দিন ভরসা সহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রকাশ্যে মোহাম্মদ আলীর প্রতি সমর্থন জানান এবং ‘হাতি’ মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান। তাদের উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
এই উঠান বৈঠকের অন্যতম আকর্ষণ ছিল মোহাম্মদ আলীর পরিবার। তার মেয়ে মাইশা আলী ও নাতি হাতি মার্কায় ভোট চেয়ে উপস্থিত জনতার হৃদয় জয় করেন এবং মুহূর্তেই সকলের মধ্যমণিতে পরিণত হন। এছাড়াও মোহাম্মদ আলীর পরিবারের অসংখ্য সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়, এছাড়াও উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন তাফু,আবু মোতালেব, কাজী হোসেন ফরহাদ সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, যা সমর্থকদের মাঝে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ আলী বলেন,“আমি আপনাদের সকল দুঃখ-দুর্দশা সম্পর্কে অবগত। আপনারা আমাকে এমপি নির্বাচিত করুন বা না করুন—আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। এমপি নির্বাচিত হলে সরকারি অর্থায়নে এবং না হলে নিজস্ব অর্থায়নে আপনাদের কষ্ট লাঘবে কাজ করে যাবো। আপনাদের কল্যাণ সাধনের জন্য হাতি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।”
বক্তব্য শেষে হাতি মার্কার সমর্থকদের বিশাল মিছিল ফতুল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হাজারো সমর্থকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফতুল্লার অলিগলি। পুরো এলাকায় সৃষ্টি হয় এক অভূতপূর্ব নির্বাচনী আবহ ও আলোড়ন।
স্থানীয়দের ভাষ্য, এমন গণজোয়ার ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। হাতি মার্কার পক্ষে এই সমাবেশকে অনেকেই আসন্ন নির্বাচনের একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন।





