নারায়ণগঞ্জ । শুক্রবার
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে ফ্ল্যাট থেকে তরুণীর জবাই করা মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম কালাচাঁদপুর পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-২ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত মীম টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিমপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম শহীদ আলী (মৃত)। তিনি একটি বারে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। পাশাপাশি তাঁর একটি পার্লারের ব্যবসাও ছিল।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ফ্ল্যাটের ভেতর থেকে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ফ্ল্যাটে মীমের সঙ্গে আরেক তরুণী থাকতেন। তবে মরদেহ উদ্ধারের সময় তাঁকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ বলেন, সুরতহাল প্রতিবেদনে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার দুপুর থেকে শনিবার রাতের মধ্যে কোনো এক সময় তাঁকে জবাই করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না, তা জানতে ময়নাতদন্তকারী চিকিৎসকদের মতামত চাওয়া হয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >