নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দিঘিরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ইমন। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে দিঘিরপাড় এলাকার ভাই ভাই সেনেটারির মালিক জুয়েলকে (৩৪) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া সাতগ্রাম ইউনিয়নের বান্টি বাজার এলাকায় অবস্থিত একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় বিসমিল্লাহ সুইটমিট এর মালিক আবদুস ছাত্তারকে (৫৪) একই আইনের ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ইমন জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।




