নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে
ছেলের বিরুদ্ধে বাবাকে মারধর করে দোকানে আগুন দেয়ার অভিযোগ

‎সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া ক্লাব মসজিদ সংলগ্ন এলাকায় জালাল উদ্দিনের দোকানে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানের মালিক সিদ্ধিরগঞ্জ থানায় তার ছেলে রুবেল (৪১), নাতি মাহিম (২০) ও ছেলের স্ত্রী মুক্তা (৩৬) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে ভুক্তভোগী জালাল উদ্দিন অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে রুবেল এলাকার চিহ্নিত মাদক সেবনকারী এবং ব্যবসায়ী। পূর্বে ধার হিসেবে ভুক্তভোগীর কাছ থেকে তার ছেলে রুবেল ১০ লক্ষ টাকা নিয়েছিল। সেই টাকা দাবি করায় অভিযুক্তরা ভুক্তভোগীকে মারধর করে এবং তার ছোট ছেলের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১৫ ডিসেম্বর অভিযুক্ত রুবেল ভুক্তভোগীর কাছে পুনরায় টাকা দাবি করে। তার দাবিকৃত টাকা না দেওয়ায় জালাল উদ্দিনের দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে অভিযুক্তরা। পরে গভীর রাতে অভিযুক্তরা জালাল উদ্দিনের দোকানে অগ্নি সংযোগ করে। এতে তার দোকানের প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় প্রশাসনের জোরালো হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী ব্যবসায়ী জালাল উদ্দিন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, এমন অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >