নারায়ণগঞ্জ । শুক্রবার
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে অবৈধ দখলদারদের সড়ক ও সেতুর জমি দখলের হিড়িক !

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমড়া কালীগঞ্জ সড়কের ইছাখালী তেমোড়া ও শীতলক্ষ্যা সেতুর জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ২০টির অধিক দোকান ঘর। এতে প্রতিদিন যানজট লেগে থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এ পথে যাতায়াতকারীরা।  

সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, ইছাখালীতে শীতলক্ষ্যা ব্রিজের পাশে ও ডেমড়া কালীগঞ্জ সড়কের জমি অবৈধ দখল করে একটি চক্র দোকান ঘর নির্মাণ করছেন। এসব অবৈধ দোকানের কারনে প্রতিদিন যানজট লেগে থাকে। এলাকাটি সাধারণ লোকজনের চলাচল অনুপযোগী হয়ে পড়ছে।   

স্থানীয় বাসিন্দারা জানায়, ইছাখালী অস্থায়ী বাজার এলাকায় অবৈধ দখলদার সাদেক বেপারীর আলু পেঁয়াজের দোকান রয়েছে ডেমড়া কালীগঞ্জ সড়ক ও সেতুর জমির উপর। একই স্থানে স্থানীয় সাইদুর রহমানের কাঁচামালের দোকান, শফিকুল ইসলামের মুরগীর দোকান, আনোয়ারের মসলার দোকান, বিল্লালের পানের দোকান, তৈয়বুর রহমানের মুদি দোকান, নুর ছালামের চায়ের দোকান, সুমনের কসাইর দোকানসহ ২০টির অধিক দোকান গড়ে তোলা হয়েছে। 

অভিযোগ রয়েছে, ৫ আগষ্ট ২০২৪’ এর তারিখের পরে নতুন করে দখলদার বাহিনী গড়ে তোলেন এসব দোকান। এর আগে বিগত সরকারের সময়ে সাবেক ইউএনও একাধিকবার এলাকাটিতে উচ্ছেদ অভিযান করে যানজট মুক্ত করেছিল। 

অস্থায়ী ব্যবসায়ীরা জানায়, এসব দোকান থেকে দৈনিক ১০০ থেকে ২০০ টাকা ভাড়া তোলেন দখলদাররা। জমি সরকারি হলেও সরকারি লোকের নজরদারি নাই। 

 এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক ভুৃৃঁইয়া বলেন, ‘ইছাখালীর মানুষের হাট বাজারের সুবিধায় অস্থায়ী দোকান বা ভাসমান দোকান বসানোর মৌখিক অনুমোদন আছে। পাকা বা আধাপাকা দোকান নির্মাণ করে দখলে নেয়ার কথা না। আমি তাদের দখল ছেড়ে দিতে বলেছি। কিন্তু তারা শুনছে না। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ প্রয়োজন।  

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘যানজট ভোগান্তি দূর করতে অবৈধ দোকান উচ্ছেদ করা হবে। সরকারি জমি সরকারের অধীনে নিয়ে আসবো। রাস্তায় হাট বাজার করে সড়কে প্রতিবন্ধকতা করা অন্যায়।  

স্থানীয় বাসিন্দারা জানায়, ডেমরা কালীগঞ্জে সড়কের মুশুরী ফজুর বাড়ি থেকে পূর্বাচল সড়কের বাগবের বাজার এলাকায় সড়ক দখল করে প্রতিদিন সকালে বাজার বসে। এতে সকালে স্কুল, কলেজ, হাসপাতালগামী লোকজন যানজটের শিকার হন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >