বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দুপুর ১:৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ শ্রীশ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক শংকর কুমার দে। সভা সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
সভাপতির বক্তব্যে শংকর কুমার দে বলেন, কেন্দ্রীয় পরিষদের প্রতি যথাযথ সম্মান ও আস্থা রেখে সম্মেলনের বিষয়ে সবার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বর্তমান পরিস্থিতি ও সার্বিক বাস্তবতা পর্যালোচনা করে কেন্দ্রীয় পরিষদ যেন একটি সঠিক ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত দেন, যাতে সবাই ঐক্যবদ্ধভাবে সম্মেলন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন। তিনি বলেন, আগামী ৫ ডিসেম্বর সম্মেলন আয়োজনের বিষয়ে কেন্দ্র থেকে যে নির্দেশনা এসেছে, সে বিষয়ে অনেকের ভিন্নমত রয়েছে।
প্রত্যেকেরই নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। তাই আজকের সভায় সবার মতামত গ্রহণ করা হয়েছে। এসব মতামত কেন্দ্রীয় পরিষদকে অবহিত করা হবে। কেন্দ্র থেকে পরবর্তী সময়ে যে দিকনির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ীই দ্বিবার্ষিক সম্মেলনের কার্যক্রম সম্পন্ন করা হবে।
সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারা দেশের হিন্দু সম্প্রদায়ের একটি ঐক্যবদ্ধ পরিবার। এই পরিবারের সবাইকে নিয়েই আমাদের পথচলা। দীর্ঘদিন ধরে নানা বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছি। নারায়ণগঞ্জে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষকে পূজা উদযাপন পরিষদের মাধ্যমে বিভিন্ন সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় এবং সবাইকে সঙ্গে নিয়েই সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ আমাদের কাছে একই পরিবারের দুটি হাতের মতো। একটি হাত বিচ্ছিন্ন হলে যেমন শরীর দুর্বল হয়ে পড়ে, তেমনি জেলা ও মহানগরকে আলাদা করে দেখলে সাংগঠনিক ঐক্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এতদিন জেলা ও মহানগর একসঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। কিন্তু কেন্দ্রীয় পরিষদ থেকে জেলা ও মহানগরের পৃথকভাবে অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আজকের প্রস্তুতি সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামত গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি দ্বিবার্ষিক সম্মেলন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও সমন্বয়ের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় পরিষদ থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে, আমরা সেভাবেই কার্যক্রম পরিচালনা করব। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।
প্রস্তুতি সভায় আড়াইহাজার, সোনারগাঁ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও উপজেলার নেতৃবৃন্দ এবং মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ দ্বিবার্ষিক সম্মেলন আয়োজনের সময়, প্রস্তুতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা হয়। তবে উপজেলার নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গার্মেন্টসশিল্পে শ্রমিক আন্দোলনসহ সার্বিক বাস্তবতার কথা উল্লেখ করে নির্ধারিত তারিখে সম্মেলন আয়োজনের ক্ষেত্রে কিছু বাস্তব অসুবিধার কথা তুলে ধরেন। তাঁরা কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ডিসেম্বর মাসের পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে সম্মেলন আয়োজনের জন্য তারিখ পেছানোর জোর সুপারিশ জানান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামত ও প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কেন্দ্রীয় পরিষদকে অবহিত করার বিষয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় পরিষদের পরবর্তী সিদ্ধান্ত ও নির্দেশনার ভিত্তিতেই নারায়ণগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের চূড়ান্ত তারিখ ও আয়োজনের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।






