নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মেলন একসঙ্গে করার দাবি, কেন্দ্রকে পুনর্বিবেচনার অনুরোধ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে নগরীর চাষাঢ়াস্থ শ্রীশ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শ্রী বিষ্ণুপদ সাহা। সভা সঞ্চালনা করেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুশীল দাস।


সভাপতির বক্তব্যে শ্রী বিষ্ণুপদ সাহা বলেন, বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জেলা ও মহানগরের নেতৃবৃন্দ সবসময় একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পরিস্থিতি ও প্রয়োজনে পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা সম্মিলিতভাবে দায়িত্ব পালন করে থাকেন। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।


তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে আগামী ৫ ডিসেম্বরের সম্মেলন পৃথকভাবে আয়োজনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ অতীতেও একসঙ্গে সম্মেলন করেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায়। তাই জেলা ও মহানগরের সম্মেলন একসঙ্গে আয়োজনের বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানানো হবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি যেন তাদের ঐক্যবদ্ধ অবস্থানের পথে কোনো বাধা সৃষ্টি না করে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না থাকায় আগামী ৫ ডিসেম্বরের নির্ধারিত সম্মেলনের তারিখ পুনর্বিবেচনার জন্যও কেন্দ্রীয় কমিটির প্রতি অনুরোধ জানান তিনি। এ বিষয়ে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেন সভাপতি।


সভা সঞ্চালকের বক্তব্যে মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুশীল দাস বলেন, ২০১২ সাল থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সঙ্গে সম্পৃক্ত থেকে নারায়ণগঞ্জে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন তাঁরা। এ দীর্ঘ সময়ে জেলা ও মহানগরের নেতৃবৃন্দ একটি পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। এই পারিবারিক বন্ধন ও ঐক্য যেন কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে পৃথকভাবে সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হলেও এ বিষয়ে মহানগরের নেতৃবৃন্দের মতামত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত সবাই জেলা ও মহানগরের সম্মেলন একসঙ্গে আয়োজনের পক্ষে মতামত দিয়েছেন। তাই সবার মতামতকে গুরুত্ব দিয়ে বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হবে। আগামী ৫ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এ বিষয়ে অনেকের আপত্তি রয়েছে। কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সাংবাদিক উত্তম সাহা, হিমাদ্রি সাহা, রতন পোদ্দার, দুলাল দাস ও বিমল দাস; যুগ্ম সম্পাদক শ্রী শংকর কুমার রায়; সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্য; সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বজিৎ সাহা ও বিপ্লব ঘোষ মনা এবং মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সভায় বক্তারা জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের দীর্ঘদিনের ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সম্মেলন আয়োজনের বিষয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >