নারায়ণগঞ্জ ।
,

এখনো চড়া সবজির বাজার, স্বস্তি মুরগি-ডিমে

গত কয়েক দিন বৃষ্টির কারণে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ তুলনামূলক কমায় বাজারে সবজির দাম কিছুটা চড়া যাচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। কিছুদিন আগেও সবজির দাম কমতে শুরু করলেও এখন আবার বাড়তির দিকে ।

নতুন মৌসুমের দেশি পাকা টমেটো বাজারে আসতে শুরু করলেও দাম এখনো চড়া। ভালো মানের পাকা টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। 

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির বাজারের এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে টমেটো আমদানি কমে যাওয়ায় নতুন মৌসুমের দেশি পাকা টমেটোর দাম এখনো কমেনি।

বাজারে সরবরাহ বাড়লে দাম কমে আসবে। তবে নতুন আলুর সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে।

বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় গত কয়েক সপ্তাহের তুলনায় বেশির ভাগ সবজির দাম কমেছে। গত সপ্তাহে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছিল।তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে আবার কমতে শুরু করেছে দাম।

বর্তমানে বাজারে আকারভেদে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। মানভেদে প্রতি কেজি শিম ৬০ থেকে ৮০ টাকা,  ভালো মানের শিম প্রতি কেজি ১০০ টাকা।

পটোল, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা ৬০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা এবং বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পেঁপে ২৫ টাকা, লতি ও বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি।

লম্বা লাউ ও চালকুমড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।আলুর বাজারে নতুন ও পুরনো আলুর দামে বড় ব্যবধান রয়েছে। নতুন মৌসুমের আলু প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা এবং পুরনো আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি পাকা দেশি টমেটো ১৪০ থেকে ১৫০ টাকা এবং কাঁচা টমেটো মানভেদে ৬০ থেকে ৮০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪৫ থেকে ৫০ টাকা।

রাজধানীর বাজারে গত এক মাসে মুরগি ও ডিমের দাম কমেছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং হাইব্রিড ধরনের সোনালি মুরগি (কালারবার্ড) প্রতি কেজি ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হয়েছে। ১৫ দিন আগেও ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা এবং সোনালি মুরগি ৩২০–৩৩০ টাকায় বিক্রি হয়েছিল। অর্থাৎ কেজিতে দাম কমেছে ১০–২০ টাকা। এ ছাড়া ফার্মের মুরগির ডিমের দামও প্রতি ডজনে ১০ টাকা কমেছে। গতকাল বাদামি রঙের এক ডজন ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, শীতের সময় মুরগি ও ডিমের চাহিদা কিছুটা কমে যায়। অন্যদিকে আগের তুলনায় উৎপাদনও বেড়েছে। এ দুই কারণে বাজারে মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। তবে মুরগির দাম কমলেও গরুর মাংসের দামে তেমন পরিবর্তন নেই। গতকাল প্রতি কেজি গরুর মাংস ৭৫০–৮০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. জুয়েল কালের কণ্ঠকে বলেন, ‘টানা বৃষ্টির কারণে গত সপ্তাহে আড়তে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছিল। এখন আবার বেশির ভাগ সবজির দাম কমেছে। তবে বাজারে আমদানি করা পাকা টমেটোর সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নতুন পাকা দেশি টমেটোর দাম কমছে না। টমেটোর সরবরাহ আরো বাড়লে দাম কমে আসবে।’

রাজধানীর রামপুরা বাজারের আরেক ক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, বলতে গেলে শীত মৌসুম শুরু হচ্ছে, এ সময় থাকবে সবজির দাম সবচেয়ে কম। আজকের বাজারে বাড়তি দামে সবজি কিনতে হলো। শীতের সময় সবজির সর্বোচ্চ কম দাম থাকার কথা, অথচ এখনো সবজির দাম ৮০ থেকে ১২০ টাকার ঘরে। ‌

সবজির দাম বৃদ্ধির কারণ জানিয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলম বলেন, এই সময়ে আসলেই সবজির দাম কম থাকার কথা, কিছুদিন আগেও সবজির দাম কমই ছিল। কিন্তু কয়েকদিন আগের আকস্মিক বৃষ্টির কারণে ফসলের ক্ষেতে সবজিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে, যে কারণে সবজির দাম বাড়তি চাচ্ছে। তবে সব সময় এটা থাকবে না, কয়েক দিনের মধ্যেই বাজারে শীতের নতুন ফসলগুলো , সবজিগুলো উঠতে শুরু করবে। তখন আবার সবজির দাম কমে যাবে। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >