নারায়ণগঞ্জ ।
,

রাজশাহীর পুঠিয়ায় কারা বন্দি সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে গভীর রাতে সশস্ত্র হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

হামলাকারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এই তাণ্ডব চালানো হয় বলে জানা গেছে।

এদিকে আব্দুস সামাদ নাশকতাসহ রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। ফলে ঘটনার সময়ও তিনি কারাগারে বন্দি ছিলেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগম ও তাঁর দুই ছেলে বাড়িতে অবস্থান করছিলেন। গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

ঘটনার বর্ণনা দিয়ে রুনা বেগম জানান, ‘দুর্বৃত্তরা ঘরে ঢুকেই অস্ত্রের ভয় দেখিয়ে আমিসহ আমার দুই ছেলেকে জিম্মি করে। এরপর তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আলমারিতে থাকা নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে করে নেয়। একপর্যায়ে আমি ও আমার পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’

হামলার সময় বাড়ির ভেতর থেকে শোরগোল শুনে ছুটে আসেন প্রতিবেশী নাসিমা বেগমসহ স্থানীয়রা। নাসিমা বেগম জানান, এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ঘরের মূল্যবান আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম হামলা ও অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ।

এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের বিষয়টি আমরা জেনেছি। পুলিশ গুরুত্বের সাথে ঘটনাটি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে, হামলার ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে রুনা বেগম জানান, আতঙ্ক ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরিবারের পক্ষ থেকে মামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >