বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয় বরং সমাজের সম্পদ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আয়োজিত এক ক্রীড়া প্রতিযোগিতায় এ মন্তব্য করেন তিনি।ডিসি জাহিদুল বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যেই রয়েছে নিজস্ব প্রতিভা ও সম্ভাবনা।
কোনো একটি ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও অন্য ক্ষেত্রে তাদের অসাধারণ মেধা ও দক্ষতা থাকতে পারে। সেই প্রতিভা খুঁজে বের করে বিকাশের সুযোগ তৈরি করতে হবে। যথাযথ পরিচর্যা, প্রশিক্ষণ ও উৎসাহ পেলে এসব শিশুও নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে।তাদের পরিবার কিংবা সমাজের বোঝা হিসেবে নয়, সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কোনো শিশু কোন খেলায় পারদর্শী, তা চিহ্নিত করা সম্ভব। তাদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জনের সুযোগ তৈরি হতে পারে।বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারের নানা প্রতিকূলতার কথা তুলে ধরে জাহিদুল বলেন, যেসব পরিবারে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, তাদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটাতে হয়। কিন্তু মনে রাখতে হবে, একটি ক্ষেত্রে কোনো শিশুর সীমাবদ্ধতা থাকলেও অন্য অনেক ক্ষেত্রে তার অসাধারণ মেধা ও দক্ষতা থাকতে পারে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।



