সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি উঠেছে জাতীয় সংসদে।
নয়নকে গ্রেফতার করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি করেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান। পাশাপাশি এ ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নাজিবুর রহমান বলেন, ‘এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আইনমন্ত্রী আছেন। এখানে আমাদের সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য রয়েছেন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি আমি আজকে আশা করছিলাম, আইনমন্ত্রীর একটা বিবৃতি আশা করছিলাম। আমরা আশা করেছিলাম, যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, আমরা মবের বিরুদ্ধে কথা বলি, তাকে (নয়ন) গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এজন্য বিষয়টি তুললাম। এই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর ভূমিকা আশা করছি এবং বিবৃতি আশা করছি।’
বিজ্ঞাপন
নাজিবুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন এবং তার সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তার গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার বলেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য, তিনি বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সদস্য। তার পরও তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছে, মারধর করা হয়েছে। রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।’






