নারায়ণগঞ্জ ।
,

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি প্রস্তুতি এবং বহু ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হলো। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

বিকেলে রূপপুর প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাফল্যের কথা নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত কারিগরি পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক এই পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

প্রাথমিক এই ধাপের পর পরবর্তী কারিগরি পরীক্ষা-নিরীক্ষার স্বার্থে বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টার বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে কেন্দ্রটির প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন-সংক্রান্ত অন্যান্য পরীক্ষা করা হবে।

পরীক্ষার প্রতিটি ধাপে কেন্দ্রের বিভিন্ন সিস্টেম ও যন্ত্রাংশের কার্যকারিতা যাচাই করা হবে। এসব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপের পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআএ বা বায়েরা) অনুমোদন নেওয়া হবে।

বায়েরার অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি আবারও জাতীয় গ্রিডে যুক্ত হয়ে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে যাবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিটটি থেকে স্থায়ীভাবে ও পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও টেকসই বিদ্যুৎ উৎপাদনে এই মেগা প্রকল্পটি বৈপ্লবিক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষামূলক এই গ্রিড সংযোগের মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের বিশ্ব তালিকায় বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >