নারায়ণগঞ্জে পোশাকশিল্পের শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার আদায়ের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ও তার দোসরদের উস্কানীতে নাশকতা সৃষ্টি করা হয়েছে বলে প্রমাণ মিলেছে। এতে দোসরদের তালিকায় উঠে এসেছে কয়েকজন ব্যবসায়ীর নাম। এর মধ্যে ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার ও আবীর ফ্যাশনের কর্মকর্তা সাগর মল্লিক অন্যতম।
অনুসন্ধানে জানা গেছে, ফতুল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দাপা বেপারীপাড়ার বরকত মেম্বারের পুত্র আওয়ামী লীগ নেতা পাবেলের মাধ্যমে গার্মেন্ট ব্যবসায়ী অমল পোদ্দার শ্রমিক আন্দোলনে অর্থায়ন ও সহযোগিতা করেছে। অত্যন্ত গোপনে পরিচালনা করার কথা থাকলেও বিষয়টি প্রকাশ পেয়ে যাওয়ায় বিপাকে পড়েছে আওয়ামী দোসর ব্যবসায়ী অমল পোদ্দার।
প্রশাসনিক একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের এই চিহ্নিত দোসর অমল পোদ্দার ও আবীর ফ্যাশনের মালিক সাগর মল্লিকসহ উস্কানীদাতারা রয়েছে গোয়েন্দা বাহিনীর নজরদারীতে।
এছাড়াও সম্প্রতি একটি ব্যবসায়ী সংগঠনের আয়োজিত সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান তার বক্তব্যে বলেছিলেন, শ্রমিক আন্দোলনে উস্কানীদাতাদের কাউকে ছাড় দেয়া হবে না। সার্বিক বিষয় তদন্ত করে উস্কানীদাতাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছিলেন পুলিশ সুপার।
জানা গেছে, ওই সভা-সহ বিভিন্ন সময়েই আলোচনায় উঠে এসেছিলো মেট্রো গার্মেন্টসের মালিক অমল পোদ্দার ও আবীর ফ্যাশনের কর্মকর্তা সাগর মল্লিকের নাম।
বিএনপি নেতারা বলছেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির এই আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ভাবেই আড়াল থেকে ‘দাবার’ চাল চালছে আওয়ামী লীগ নেতারা। শ্রমিকদের উস্কে দেয়ার পাশাপাশি মাঠপর্যায়ের কর্মীদের অনুপ্রবেশ করিয়ে চালানো হচ্ছে নাশকতা।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নীতিনির্ধারকগণ সহ অন্যান্য পর্যায়ের নেতারা গা ঢাকা দিলেও তাদের রেখে যাওয়া দোসর ও অর্থ যোগানদাতারা গোপনে করেছে পৃষ্ঠপোষকতা।
সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জে আন্দোলনের শুরুটা হয়েছিল ফতুল্লার শিল্পাঞ্চল কাঠেরপুল এলাকা থেকে। ২ নভেম্বর মেট্রো গ্রুপের মালিক বাবু অমল পোদ্দার সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়া হুট করেই তার বৃহত্তর কারখানাটি বন্ধ ঘোষণা করেন। এতে কারখানার প্রায় ৫ হাজারেরও অধিক শ্রমিক একত্রিত হয়ে রাস্তায় নেমে পড়ে। এই পক্রিয়ার বন্দবস্ত করা হয় অমল পোদ্দারের আস্থাভাজন ও ঘনিষ্ঠ ব্যক্তি ফতুল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দাপা বেপারীপাড়ার বরকত মেম্বারের পুত্র আওয়ামী লীগ নেতা পাবেলের মাধ্যমে।

একই সাথে আবীর ফ্যাশনের শ্রমিকদেরও কৌশলে আন্দোলনে নামিয়ে দেয় কারখানার কর্মকর্তা সাগর মল্লিক। আবির ফ্যাশনের কর্মকর্তা সাগর মল্লিক আওয়ামী লীগের শাসনামলে নসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস বা ব্যক্তিগত সহকারী শেখরের আত্মীয় পরিচয়ে প্রভাব বিস্তার করেছিল বলে অভিযোগ রয়েছে। সেই পরিচয়ে ধরাকে সরা জ্ঞ্যান করে চলতেন তিনি। শ্রমিক অসন্তোষের পেছনে তার বিরুদ্ধে যোগসাজশের তথ্য রয়েছে। ইতিমধ্যেই গোয়েন্দা সংস্থাগুলো সাগর মল্লিকের বিষয়ে খোঁজ নিতে মাঠে কাজ করছে।
অন্যদিকে, মেট্রো ও পানাম গ্রুপের মালিক অমল পোদ্দার আওয়ামী লীগের ঘনিষ্ঠ দোসর হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জের বিতর্কিত ও পলাতক সাবেক এমপি শামীম ওসমানের সাথে তো বটেই, খোদ আওয়ামী লীগের দলীয় প্রধান তথা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সরাসরি ঘনিষ্ঠতা রয়েছে অমল পোদ্দারের। ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সেমিনারে শেখ হাসিনা নিজ হাতে তাকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে পুরস্কৃত করেছিলেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আস্থাভাজন এই ব্যাক্তি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাসিন্দা। আওয়ামী লীগের আমলে তিনি সোনারগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য ক্ষেত্রে নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। শেখ হাসিনার আস্থাভাজন অমল পোদ্দার আওয়ামী লীগের অন্যতম ডোনার তথা পৃষ্ঠপোষক হিসেবে বিশেষ অবস্থান গড়ে তুলেছিলেন।
মূলত, কারখানার শ্রমিকদের মাঠে নামিয়ে এবং আড়াল থেকে আওয়ামী লীগের সাথে যোগসাজশে অর্থ প্রদানের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার নেপথ্যে ভূমিকা রাখে আওয়ামী ঘনিষ্ঠ অমল পোদ্দার ও সাগর মল্লিক।
এই বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘যারা উসকানি দেয়, তাদের ব্যাপারে বিন্দুমাত্র কোনো ছাড় নেই। যারা সাধারণ শ্রমিক, তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার, আমরা সরকারি প্রশাসন সাধারণ শ্রমিকদের পক্ষে। কিন্তু যারা উসকানিদাতা, যারা কুচক্রী মহল, যারা পেছনে বসে কলকাঠি নাড়ছেন, তাদের কিন্তু কোনো রক্ষা হবে না। তাদের ব্যাপারে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে।’






