নারায়ণগঞ্জ ।
,

বঙ্গবন্ধুর সমাধি ও আ’লীগের কার্যালয় খুলে শপথ নিলেন নেতাকর্মীরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধে শপথ নেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা থেকে একটি মিছিল বের হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন রকম স্লোগান দেন নেতাকর্মীরা। এরপর মিছিলটি বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রবেশ করে তিনটি গেট খুলে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথবাক্য পাঠ করেন।

শপথবাক্যে নেতাকর্মীরা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে না পারবেন, ততক্ষণ তাদের সংগ্রাম চলবে। তাকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন তারা।’

নিষিদ্ধ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো সেই লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে পার্টি অফিস খুলে দিয়েছি, যাতে নেতাকর্মীরা এখানে বসতে পারেন। আর জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, সারা বাংলাদেশের সম্পদ। এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকার প্রশাসন দিয়ে বঙ্গবন্ধুর সমাধি ও উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল। এই সমাধি ও দলীয় কার্যালয় আজ থেকে সবার জন্য উন্মুক্ত। এই টুঙ্গিপাড়া থেকেই সারা বাংলাদেশে আন্দোলনের সূচনা হবে।

এ বিষয়ে পুলিশ বা উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >