নারায়ণগঞ্জ ।
,

কক্সবাজারের চকরিয়ায় সওজের শতকোটি টাকার জমি দখল করে হাসপাতাল নির্মাণ

কক্সবাজারের চকরিয়ায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) শতকোটি টাকা মূল্যের সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে দুবাইপ্রবাসী এহসান চৌধুরীর বিরুদ্ধে। মাতামুহুরী সেতুর পশ্চিম পাশে, চকরিয়া পৌরশহরে সওজের ডাকবাংলোর দেয়ালঘেঁষে নির্মাণ করা হয়েছে ‘আল-ফালাহ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’। একই সঙ্গে সওজের মালিকানাধীন জমি ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে ছয় লেন প্রকল্পের ভূমি অধিগ্রহণের বিপরীতে প্রায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালটি আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছেন এহসান। তবে সরকারি জমির মালিকানা নিয়ে বিরোধ, জাল দলিল তৈরির অভিযোগ এবং উচ্চ আদালতে রিট মামলা থাকায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সওজ সূত্র জানায়, ১৯৫৭-৫৮ সালে মাতামুহুরী সেতুর অ্যাপ্রোচ সড়ক, স্টেকইয়ার্ড ও ডাকবাংলো নির্মাণের জন্য চিরিংগা মৌজায় ১ দশমিক ৬০ একর জমি অধিগ্রহণ করে সড়ক বিভাগ। ওই জমির তৎকালীন মালিক আমিনুল ইসলাম ও বদর মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অধিগ্রহণের ক্ষতিপূরণও গ্রহণ করেন। পরবর্তী সময়ে ওই জমিতে ডাকবাংলো ও কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সওজ দীর্ঘদিন ধরে তা ব্যবহার করে আসছে।

অনুসন্ধানে জানা যায়, জমির বাজারমূল্য বেড়ে যাওয়ার পর একটি প্রভাবশালী চক্র সরকারি এই সম্পত্তি দখলের পরিকল্পনা করে। স্থানীয় কয়েকজন বিএস খতিয়ানধারীর সঙ্গে যোগসাজশে দুবাইপ্রবাসী এহসান চৌধুরী সওজের অধিগ্রহণ করা জমির কিছু অংশ নিজেদের বলে দাবি করেন। এ জন্য ভুয়া ও জাল দলিল তৈরি করে জমির মালিকানা দাবি করে। একপর্যায়ে সওজের ডাকবাংলো-সংলগ্ন এবং চকরিয়া উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের পূর্ব পাশে মহাসড়কঘেঁষা মূল্যবান জমিতে নির্মাণ করা হয় বহুতল আল-ফালাহ হাসপাতাল।

সওজ কর্তৃপক্ষ জানায়, সরকারি জমিতে নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই তারা আপত্তি জানিয়ে আসছে। অবৈধ নির্মাণকাজ বন্ধ এবং দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে এহসান চৌধুরীকে তিন দফায় লিখিত নোটিশ দেওয়া হয়েছে। তবে ক্ষমতার দাপট দেখিয়ে এসব নোটিশ উপেক্ষা করে নির্মাণকাজ সম্পন্ন করেছেন তিনি। জমি দখলের পর প্রবাসীর জালিয়াতির পরিধি আরও বিস্তার লাভ করে।

সম্প্রতি মাতামুহুরী সেতুর ছয় লেন প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হলে জমি নিয়ে নতুন করে বিতর্ক দেখা দেয়। অভিযোগ অনুযায়ী, সওজের মালিকানাধীন প্রায় ৯ শতক জমিকে ব্যক্তিগতভাবে ক্রয় করা সম্পত্তি হিসেবে দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ ৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৪৬৮ টাকা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ কাজে ভূমি অধিগ্রহণ শাখা (এলএ শাখা) এবং সওজের কিছু অসাধু কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করার অভিযোগও রয়েছে।

সরকারি সম্পত্তি গ্রাস এবং সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা আত্মসাতের এই মহাপরিকল্পনার বিষয়টি ফাঁস হয়ে গেলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এ জালিয়াতির বিরুদ্ধে এবং সরকারি সম্পত্তি রক্ষার দাবিতে গোলাম কবির নামে এক ব্যক্তি বাদী হয়ে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করেন।

তিনি বলেন, ‘সওজের অধিগ্রহণ করা সরকারি সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখল করে সেখানে আল-ফালাহ হাসপাতাল নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। এর চেয়েও বড় বিষয় হলো, সরকারি সম্পত্তিকে ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ নেওয়ার পাঁয়তারা চলছিল। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং এ ধরনের জালিয়াতি বন্ধের জন্যই আমি হাইকোর্টে রিট মামলা করেছি। আশা করছি, আদালত এ বিষয়ে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত দেবেন।’

অভিযুক্ত এহসান চৌধুরীর বক্তব্য জানতে তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তাকে খুদেবার্তাও পাঠানো হয়। তবে তিনি অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেননি। প্রতিবারই ‘সাক্ষাতে কথা হবে’ বলে বিষয়টি এড়িয়ে যান।

কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুকন উদ্দিন খালেদ চৌধুরী কালবেলাকে বলেন, ‘আল-ফালাহ হাসপাতাল-সংশ্লিষ্ট জমিটি আরএস রেকর্ড অনুযায়ী সম্পূর্ণভাবে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন। তবে আরএস রেকর্ডের সঙ্গে সাংঘর্ষিক একটি ত্রুটিপূর্ণ বিএস রেকর্ড তৈরি হওয়ায় এর বিরুদ্ধে সড়ক বিভাগের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে। বিষয়টি বর্তমানে বিচারাধীন।’

তিনি আরও বলেন, ‘আদালতের চূড়ান্ত রায় পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে একাধিকবার লিখিত নোটিশও দেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >