নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মাদ্রাসার ছয় শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড ভুইঘর এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই অংশে আগুন ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাত ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দীর্ঘ সময়ের চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার ছয় শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আনুমানিক ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কাঁচপুর ও শিবু মার্কেট স্টেশনের মোট পাঁচটি ইউনিট আগুন নির্বাপণ কার্যক্রমে অংশ নেয়।
আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।






