নারায়ণগঞ্জ ।
,

টিকটকে পরিচয়, প্রেমের টানে বাড়ি ছাড়ে ৪ কিশোরী; হেমায়েতপুর থেকে উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে ঢাকায় যায় তিন কিশোরী। পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের আরেক কিশোরীর সঙ্গে মিলিত হয়ে ঢাকার হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে তারা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর মিরপুর উপজেলার গোপীনাথপুর এলাকার তিন কিশোরী পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে জানান। এরপর মিরপুর থানা পুলিশ অনুসন্ধান শুরু করে।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, টিকটকের মাধ্যমে মিরপুরের এক কিশোরীর সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক কিশোরীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একইভাবে মিরপুরের আরও দুই কিশোরীর মধ্যেও সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে চারজন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী, মিরপুরের তিন কিশোরী বাড়ি ছেড়ে ঢাকায় যায়। পরে চারজন হেমায়েতপুর এলাকায় বাসা ভাড়া নেয়।

পুলিশ জানায়, ওই বাসায় দুই কিশোরী পবিত্র কোরআন স্পর্শ করে ‘বিয়ের’ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে জানান, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গত ১১ অক্টোবর সন্ধ্যায় হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে উদ্ধার করা হয়। তাদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।

ওসি আরও জানান, টিকটক গ্রুপের মাধ্যমে কিশোরীদের পরিচয় ও সম্পর্ক তৈরি হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে চারজনকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >