নারায়ণগঞ্জ ।
,

বন্দরে পরকীয়ার সন্দেহে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পর অভিযুক্ত স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে হত্যাকাণ্ডের কথা জানান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়ার সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার রাতেও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে আব্দুল মান্নান মনি তাঁর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন এবং পরে গলাকেটে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >