নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজা উদ্ধার, সোনারগাঁয়ে গ্রেপ্তার ২৫ জন
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৭০ জন গ্রেপ্তার, মাদক ব্যবসায়ী ৭

নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতজন মাদক ব্যবসায়ী, ৪৬ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১০ জন, নিয়মিত মামলার তিনজন আসামি, অন্যান্য ধারায় তিনজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।

জেলা পুলিশের তথ্যমতে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবা, ৭৪ বোতল ফেয়ারডিল ও এক কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওই অভিযানে নয়জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন এবং নিয়মিত মামলার দুই আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৯ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুই আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত চারজনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ পাঁচজন মাদকসেবীকে গ্রেপ্তার করে।

বন্দর থানা পুলিশের অভিযানে চারজন মাদকসেবী, নিয়মিত মামলার একজন আসামি ও অন্যান্য ধারায় তিনজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানা পুলিশ সাতজন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া আড়াইহাজার থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত একজনকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে জেলার সাতটি থানা এবং গোয়েন্দা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >