নারায়ণগঞ্জ ।
,

জয়পুরহাটে বালু উত্তোলন নিয়ে বিরোধে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের চক রোয়াইড় গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সুমনও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আলমগীর হোসেন রুকিন্দিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। তাঁর অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলন ও ট্রাক্টর চলাচলে রাস্তা নষ্ট হওয়ার প্রতিবাদ করায় সুমন ও তাঁর লোকজন তাদের ছুরিকাঘাত করেছে। এ ছাড়া তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। 

তবে এই অভিযোগ অস্বীকার করে আতিয়ার রহমান সুমনের পাল্টা দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আলমগীর ও তাঁর সমর্থকরা উল্টো তাঁর ওপর হামলা চালিয়েছে। বালু উত্তোলন বা চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোয়াইড় গ্রামে প্রায় এক মাস ধরে ফসলি জমির মাটি ও বালু কেটে বিক্রি করা হচ্ছিল। বালুবাহী ট্রাক্টর চলাচলে রাস্তা নষ্ট হওয়ায় স্থানীয়দের আপত্তির মুখে গত সোমবার পুলিশ ট্রাক্টর আটকে দিলেও পরে তা আবারও চালু হয়। এ নিয়ে শনিবার ইউনিয়ন বিএনপির নেতাদের উপস্থিতিতে একটি বৈঠকের কথা ছিল। রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াত জানান, মীমাংসার বৈঠকের আগেই দুই পক্ষ বিবাদে জড়ানোয় তারা বিব্রত।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, আলমগীরের মাথায় এবং তাঁর স্ত্রীর চোখের পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অন্যদিকে সুমনের হাতে আঘাত লেগেছে। আক্কেলপুর থানার ওসি মেহেদী হাসান মাসুদ জানান, ছুরিকাঘাতের ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >