সীমান্তের ওপার থেকে আসা পণ্যের গতিপথ ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় একের পর এক অভিযান চালিয়ে বড় ধরনের চোরাচালানের চালান আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এসব অভিযানে জব্দ করা হয়েছে ভারতীয় বিভিন্ন পণ্য ও মাদক। যার আনুমানিক মূল্য ৩৬ লাখ ৩ হাজার টাকা।
শনিবার (৩ অক্টোবর) ভোর থেকে দিনভর সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে। তবে অভিযানের আগে গোয়েন্দা নজরদারিতে ঠিক কী তথ্য উঠে এসেছিল, তা প্রকাশ করেনি বিজিবি।
বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, কসবা, চণ্ডীদার ও খাদলা বিওপির টহলদল এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদা নদী, শশীদল ও শংকুচাইল বিওপির সদস্যরা নিজ নিজ সীমান্ত এলাকায় অভিযান চালান।
অভিযানে জব্দ করা হয় ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, ফুসকা, বাজি ও তালাসহ বিভিন্ন পণ্য। এর পাশাপাশি মদ, গাঁজা ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে।
সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৩ হাজার টাকা বলে জানিয়েছে ৬০ বিজিবি।
সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ ঠেকাতে চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধেও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।



