পাচারকারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পাহাড়ের গহিন জঙ্গলের দিকে পালিয়ে যায়।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মনোরমের টিলা টিওবি থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে জানমারাটিলা ডাউন এলাকা থেকে শুক্রবার ভোরে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছেন বিজিবি ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব।
শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানমারাটিলা ডাউন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা টহলদলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পাহাড়ের গহিন জঙ্গলের দিকে পালিয়ে যায়।
পরে শুক্রবার ভোরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোয় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, পাঁচটি গুলি, বিভিন্ন ধরনের ভারতীয় মদ ৩১ বোতল, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ভারতীয় মনো সিগারেট ৪৭ কার্টন পাওয়া যায়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।




