কাস্টমস হাউস আইসিডি, কমলাপুর, ঢাকার তৎপরতায় রিচার্জেবল রিমোট কন্ট্রোল (আরআরসি) খেলনা ঘোষণায় আমদানি করা প্রায় ১ কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০ পিস ড্রোন আটক করা হয়েছে। এসব ড্রোনের মোট ওজন ৬৫৮ কেজি।
কাস্টমস হাউস আইসিডি, কমলাপুর সূত্র জানায়, কমিশনারের কাছে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর অভিযান চালানো হয়। আমদানিকারক মিম কালেকশন, চকবাজার, ঢাকার নামে ২৭ সেপ্টেম্বরের বি/ই নম্বর-১২৩৬৭-এর মাধ্যমে বিভিন্ন ধরনের খেলনা ঘোষণায় পণ্যচালানটি আমদানি করা হয়। কায়িক পরীক্ষায় চালানটিতে ঘোষণার বাইরে এসব ড্রোন শনাক্ত করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আমদানি করা ড্রোনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব ও প্রযোজ্য জরিমানা আদায় করা হবে। আটক ড্রোনগুলোর উড্ডয়নসীমা ও সংশ্লিষ্ট দলিলাদি যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস আইন, ২০২৩ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কাস্টমস হাউস আইসিডি ঢাকার কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমদানি নীতির পরিপন্থী কার্যক্রম ও রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস হাউস আইসিডি ঢাকা কঠোর অবস্থানে রয়েছে।




