নারায়ণগঞ্জ ।
,

‘অপহরণ নয়, ছাত্রদল নেতাকে ভালোবেসে ঘর ছেড়েছি’ লাইভে এসে তরুণীর বক্তব্য

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তবে ফেসবুক লাইভে এসে ভিডিও বার্তায় ওই কলেজছাত্রী জানিয়েছেন, অপহরণ নয় স্বেচ্ছায় ছাত্রদল নেতার সঙ্গে ঘর ছেড়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কলেজছাত্রী ও ছাত্রদল নেতা রিজভী ফেসবুক লাইভে এসে এসব তথ্য জানান।

ফেসবুক লাইভে ছাত্রদল নেতা রিজভী বলেন, ‘দুইদিন যাবৎ আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ফেসবুকে বলা হচ্ছে আমি তাকে অপহরণ করেছি। গত জুলাই মাসের ২২ তারিখ আমরা ভালোবেসে বিয়ে করি। আমরা দুইজনই প্রাপ্তবয়স্ক এবং আমার স্ত্রীর বয়স সাড়ে ১৯ বছর।’

এসময় কলেজছাত্রী লাইভে এসে বলেন, ‘আমার বয়স সাড়ে ১৯ বছর, দুদিন যাবৎ দেখতেছি ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। আমার হাজবেন্ড আমাকে নাকি অপহরণ করছে। আসলে আমরা জুলাই মাসের ২২ তারিখে ভালোবেসে বিয়ে করি। আমাদের সম্পর্ক ছিল ২ বছরের। জুলাই মাসের বিয়ে পর আমার পরিবার আমাদের মেনে নেওয়ার আশ্বাস দিয়ে বাড়িতে নেন। পরে আমাকে রেখে দিয়ে স্বামীকে বিদায় করে দেয়। কিছুদিন পর আবার আমার স্বামীর সঙ্গে চলে আসি। একমাস পর মেনে নেওয়ার আশ্বাসে আবার আমাদের বাসায় নিয়ে আটকে রেখে জোর করে আমার স্বামীকে ডিভোর্স দেওয়াতে বাধ্য করে। কিছুদিন পর আবারো আমি আমার স্বামীর সঙ্গে চলে আসি। এখন সংবাদ ছড়ানো হচ্ছে যে, আমার স্বামী, আমাকে অপহরণ করে আনছে, বিষয়টি এমন না। আমি নিজ ইচ্ছায় আমার হাজবেন্ডকে ভালোবেসে এসেছি। এখানে অপহরণের কোনো ঘটনা ঘটেনি।’

তার পরিবারের উদ্দেশ্যে বলেন, ‘আমার শ্বশুরবাড়ির মানুষদেরকে যে হয়রানি করা হচ্ছে তা যেন না করা হয়। আমার স্বামীকে যেন হয়রানি করা না হয়। আমরা ভালোবেসে রিলেশন করে বিয়ে করেছি, এটা অপহরণ কেন হবে? বিভিন্ন ধরনের সংবাদ শুনতেছি যে, আমি কলেজে যাওয়ার সময় আমার স্বামী আমাকে বিরক্ত করত, এরকম অনেক কিছু। আসলে এমন কোনো কিছু ঘটেনি, এগুলো সবই মিথ্যা গুজব।’

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ তোলে তার পরিবার। এ ঘটনায় ওই কলেজছাত্রীর পরিবার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কলেজে যাওয়ার আসার পথে উত্ত্যক্তসহ নানা অভিযোগ আনা হয় ছাত্রদল নেতার বিরুদ্ধে। এর পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিজভীকে বহিষ্কার করে গাজীপুর জেলা ছাত্রদল। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ওই প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বুধবার রাতে ছাত্রদল নেতা ও কলেজছাত্রী ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >