নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিনগর/শান্তিধারা এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভিডিওটিতে দেখা যাওয়া যুবক বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কিত মামলাসহ প্রায় ১০ থেকে ১২টি মামলার পরোয়ানাভুক্ত ও এজাহারনামীয় আসামি মো. শান্ত।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারী যুবকের নাম মো. শান্ত। তিনি শান্তিধারা ১ নং রোড এলাকার চিহ্নিত ভাঙাড়ি ব্যবসায়ী রাজ্জাকের ছেলে এবং স্থানীয় ছাত্রদল নেতা রায়হানের ভাই।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্ত এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার মাধ্যমে সে এলাকায় নিজের সন্ত্রাসী প্রভাব জানান দেওয়ার চেষ্টা করছে।
শান্তিধারা ও সাইনবোর্ড এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন সাধারণ মানুষ গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সচেতন নাগরিক ও স্থানীয়
সমাজসেবকরা দ্রুত ওই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার এবং তার হেফাজতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও যৌথ অভিযান দাবি জানিয়েছেন।



