মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভৈরব বাজার জেটিঘাটে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভৈরবের আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়ার হাওরের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে জাহাজে ভর্তি করে ঢাকায় পাচার করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে বিআইডব্লিউটিএ এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক।
অভিযানকালে ‘এমভি শাহ ফতুল্লা (১২)’ নামের মাটি ভর্তি জাহাজটি জব্দ করা হয়। পরে জাহাজ মালিকের প্রতিনিধি মো. শামীম মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হল জানান, অনুমোদন ছাড়া মাটি পাচারের দায়ে জাহাজের একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত মাটি বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশ্যে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।




