নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল হোসেন নামে এক জমি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া শহীদুল্লাহ গাজী সড়কের কাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী আবুল হোসেন জানান, ৮ থেকে ১০ জনের মুখোশধারী ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা তার দুই ছেলে আলামিন মিয়া ও আল জাবের হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে আবুল হোসেনকে মারধর করে অচেতন করে রাখে।
একপর্যায়ে তার স্ত্রী রলি বেগমকে অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে পরিবারের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।
রূপগঞ্জ থানার ওসি সালাহউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




