নারায়ণগঞ্জ ।
,

রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ও কিশোরগ্যাং লিডার ৩ সহযোগীসহ গ্রেফতার, বিদেশী অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার, ১৮ মামলার শীর্ষ আসামী শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণকে তিন সহযোগী ও বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে এসআরবি-১১। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১১’র সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে তাদের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ৬ টি লম্বা রামদা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, রূপগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২০) ও তার গ্যাংয়ের সদস্য সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)।

সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, বুধবার ১টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১’র একটি চৌকস আভিযানিক দল রূপগঞ্জের তারাবো এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২০) ও তার গ্যাংয়ের ৩ সদস্য সিয়াম, দিপু ও কামরুজ্জামানদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ৬টি লম্বা রামদা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় নিজস্ব কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আসছে। সে রূপগঞ্জ ও তৎসংলগ্ন এলাকার কিশোর ও উঠতি বয়সিদের নিয়ে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গড়ে তোলে। সাম্প্রতিক সময়ে রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনিকে নৃশংসভাবে হত্যা করে শ্রাবণ ও তার অনুসারী গ্যাং সদস্যরা। উক্ত নির্মম হত্যাকাণ্ডের পর এলাকাবাসী গ্যাং লিডার শ্রাবণের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। তাছাড়া আসামি শ্রাবণের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মামলা তুলে না নেওয়ায় সে তার গ্যাং সদস্যের সাথে যোগসাজশে রূপগঞ্জের তারাব পৌরসভার টাটকি এলাকায় গভীর রাতে মামলার বাদী আমেনা বেগমের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে হত্যার অপচেষ্টা চালায়। রূপগঞ্জ এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে ও তার গ্যাং সদস্যরা প্রকাশ্য দিবালোকে বাড়িঘরে অতর্কিত হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায়। রূপগঞ্জ এলাকায় ‘কুত্তা শ্রাবণ’ এর নেতৃত্বে কিশোর গ্যাং দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ, গোলাগুলি ও দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়ে চরম আতঙ্ক তৈরি করে আসছে। রূপগঞ্জের সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম এই কুত্তা শ্রাবণ। তার বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ ১৮ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবির এই অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >