নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল মাদকদ্রব্য **E-Skuf (স্কাফ)**সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) সালেকুজ্জামানের নেতৃত্বে ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে সোনারগাঁও থানাধীন সোনারগাঁও জাদুঘরের ১ নম্বর গেট থেকে টিপরদীগামী সড়কের টিপরদী এলাকার সাততলা ভবনের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন আনোয়ার হোসেন মল্লিক (৪৫), পিতা মৃত সোরহাব মল্লিক, মাতা সালেহা বেগম, সাং-শিংপাড়া, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ; বর্তমানে আগারগাঁও তালতলা, মা গার্ডেন, থানা কাফরুল, ডিএমপি, ঢাকা।
দ্বিতীয়জন অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫), পিতা বাবুল হোসেন, মাতা কুলসুম আক্তার, সাং-মালিহা রাজাপুর, থানা শরণখোলা, জেলা বাগেরহাট।
তৃতীয়জন মনির হাওলাদার (৩৫), পিতা বারেক হাওলাদার, মাতা লাইলী বেগম, সাং-উত্তর চৈতা, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল; বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় আলাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশের দাবি, গ্রেফতার তিনজনের হেফাজত থেকে একটি কালো প্লাস্টিকের পলিথিন ব্যাগের ভেতর রাখা ৩৫ বোতল E-Skuf (স্কাফ) উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।




