নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নিরাপদ ও নিয়ন্ত্রণে রাখতে রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি কাগজপত্র যাচাই করা হয়। ট্রাফিক আইন অমান্য করায় ১১টি যানবাহনের মালিককে জরিমানা করা হয়েছে। একই অভিযানে ৩ বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ৬ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট এলাকায় এ চেকপোস্ট পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন শনাক্ত এবং অবৈধ অস্ত্র ও মাদক পরিবহন ঠেকাতে এ বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১১টি যানবাহনের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ৩ বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিষয়ে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের চেকপোস্ট ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। বিশেষ করে রাতের সময়ে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে।
চেকপোস্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), সহকারী পুলিশ সুপার (গ সার্কেল), রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ডিবির অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।
জেলা পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।






