নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৮৪ বোতল ESKUF সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এএসআই (নিঃ) হাফিজুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার বরাবো এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৮৪ বোতল ESKUFসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাকপুর এলাকার মৃত কুতব উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৫৫) এবং চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা এলাকার তাজুল ইসলামের ছেলে রাসেল (৩৫)। তারা বর্তমানে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।




