বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকর্মী, মাদকসহ ৪ ওয়ারেন্টে ২ জন
নারায়ণগঞ্জের বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি ৩ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় আরও ১১ জন রয়েছেন।
পুলিশ জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেপ্তার ৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানাধীন ২৩ নম্বর ওয়ার্ডের স্বল্পেরচক এলাকার মৃত ইয়াকুব মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা সাজু (৪৭), বন্দর চিতাশাল এলাকার আনোয়ার প্রধানের ছেলে যুবলীগ নেতা স্বপন প্রধান (৪৫) এবং বন্দর থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মাস্টারের ছেলে আলমগীর (৪৩)।
পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে বন্দর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা রয়েছে। অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
এদিকে বন্দর থানার পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক কারবারিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—বন্দর থানার চাপাতলী ইটেরপুল এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে শাহীন (৩৩), কুশিয়ারা পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে আক্তার হোসেন (৫৫), মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার আবুল কালাম মিয়ার মেয়ে লাকি বেগম (৩০) এবং মাহামুদনগর এলাকার মিজানুর রহমানের ছেলে রিসান (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ফুলহর প্রাথমিক বিদ্যালয়, কুশিয়ারা, চাঁনপুর ও মাহামুদনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
বিভিন্ন ওয়ারেন্টে আরও ২ জন গ্রেপ্তার
অন্যদিকে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন বন্দর রূপালী আবাসিক এলাকার মৃত আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে রিজন (২৫) এবং চাপাতলী এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে শুভ (২৭)।
পুলিশ জানায়, সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আদালতের বিভিন্ন ওয়ারেন্ট ছিল। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট ওয়ারেন্টের মামলায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বন্দর থানার এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।




