বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে আবারও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে স্বর্ণ। বাংলাদেশের দর্শনা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হালদারপাড়া বিওপি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ১৭ কোটি রুপির (প্রায় ২২ কোটি ১১ লাখ টাকা) বেশি অর্থমূল্যের স্বর্ণ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের ওপর দিয়ে কাপড়ে মুড়িয়ে সোনার বিস্কুট ভারতের দিকে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে পড়ে বিষয়টি। তৎপর হয়ে ওই চোরাচালানিকে ধাওয়া করে গ্রেপ্তার করে বিএসএফ জওয়ানরা।
তার কাছে উদ্ধার হয় ৮৯টি সোনার বিস্কুট। যার মোট ওজন ১১ কেজি ২৮২ গ্রাম। ভারতে যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি ৪০ লক্ষ ২১ হাজার ৩০০ রুপি।মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতীয় সীমান্তে দ্বিতীয় দ্বিতীয়বার উদ্ধার হলো বিপুল পরিমাণে স্বর্ণ। এর আগে নদীয়া জেলার সীমান্তেই উদ্ধার হয় প্রায় ৩২ কোটি রুপির স্বর্ণ।



