নারায়ণগঞ্জ ।
,

কারাগারে বন্দিদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুবিধা চালু হচ্ছে

দেশের কারাগারগুলোতে বন্দিদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার বিশেষ সুবিধা চালু হতে যাচ্ছে। ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হয়েছে। সফলতা বিবেচনায় দ্রুত দেশের অন্যান্য কারাগারেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর।

নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে বন্দিরা সপ্তাহে একবার পরিবারের সদস্যদের সঙ্গে সর্বোচ্চ ১০ মিনিট ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন। কারা কর্তৃপক্ষের এ উদ্যোগের ফলে বন্দিদের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগ আরও সহজ ও মানবিক হবে বলে আশা করা হচ্ছে।

ভিডিও কলের পাশাপাশি দেশের কারাগারগুলোতে মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে কারাগার এলাকায় ব্যাপক সবুজায়ন, বন্দিদের মানসিক ও সামাজিক পুনর্বাসন এবং তাদের কর্মমুখী করে তুলতে বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর অংশ হিসেবে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি বন্দিদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বাস্থ্যসম্মত করতে কারাগারগুলোতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

কারা ব্যবস্থাপনায় এসব সংস্কারমূলক কার্যক্রমের মাধ্যমে বন্দিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তাদের সমাজে পুনর্বাসনের পথ আরও সুগম হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >