বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। টানা বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সমবেত হন। পরে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
বৃষ্টির মধ্যে নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। র্যালিটি মোগরাপাড়া চৌরাস্তার আশপাশের সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে এসে শেষ হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহবান জানান তিনি। তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সুসংহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের কোনো বিকল্প নেই। সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, আতাউর রহমান, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বিএনপি নেতা মাসুম রানা, যুবদল নেতা কাউসার আহম্মেদ ও রাকিব হাসান প্রমুখ।
এছাড়াও জনসভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দলের চেয়ারম্যান-প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো মোগরাপাড়া চৌরাস্তা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।




